ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, শুভাঢ্যা জোনাল অফিসের আওতাধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ পরিচালিত হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদরাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদরাসা সংলগ্ন এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় বেশি। গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। ফলে সিস্টেম লস কমবে এবং বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীও পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে আজ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে— জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ এলাকা, জিয়া স্কুল সংলগ্ন এলাকা, বুধপাড়া, গণির ঢালান এবং মোহনপুর চকপাড়া। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।