চলচ্চিত্রপাড়ার চেনা মুখ ও আলোচিত নায়ক রাসেল মিয়া,নতুন চমক নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। সিনেমা মুক্তির সময় ভিন্নধর্মী ও অভিনব প্রচারণার জন্য বরাবরই রাসেল মিয়া সংবাদের শিরোনাম হন। কখনও ভ্যানগাড়িতে ছবির পোস্টার মাইক বাজিয়ে,আবার কখনও পথের মানসিক ভারসাম্যহীন মানুষ ও পথশিশুদের নিজ হাতে রান্না করে খাইয়ে ব্যতিক্রমী প্রচারণায় দর্শকদের মন জয় করেছেন তিনি।
এবার তিনি পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় ও ব্লকবাস্টার নায়িকা পলির সঙ্গে জুটি বেঁধে। তাঁদের নতুন চলচ্চিত্রের নাম‘পাত্রী চাই। সম্প্রতি পাত্রী চাই শিরোনামে গানের দৃশ্য ধারনের মধ্যে দিয়ে পুবাইলে শুটিং শুরু হয়। তারারদেশ লিমিটেড’এর প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রিদম খান শাহীন।ছবিটিতে রয়েছে মনছুঁয়ে যাওয়া তিনটি গান। গানগুলোর গীতিকার ও সুরকার শিমুল মাহমুদ, যিনি এই চলচ্চিত্রের প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন।প্রযোজক শিমুল মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন,চলচ্চিত্রের বর্তমান মন্দাভাব কাটিয়ে আমরা আবারো ভালো দিন ফিরিয়ে আনব। এজন্য ইন্ডাস্ট্রির সকলের একতা ও পারস্পরিক সাহসের প্রয়োজন। আমি মনেপ্রাণে দেশীয় চলচ্চিত্রের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি, ‘পাত্রী চাই’ সিনেমাটি দর্শকদের ভীষণ পছন্দ হবে। গল্পটা সম্পূর্ণ মৌলিক, নিজের নতুন কাজ প্রসঙ্গে রাসেল মিয়া বলেন,একটি মানসম্মত ও ভালো চলচ্চিত্রের পেছনে পুরো টিমের অক্লান্ত পরিশ্রম থাকে। আমি এবং আমাদের পুরো টিম কঠোর পরিশ্রম করছি, যেন সিনেমাটিকে দর্শকদের মন পর্যন্ত পৌঁছে দেওয়া যায়।