নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যেই নেপালে শুটিংয়ে থাকা ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট নিরাপদে আছেন বলে জানা গেছে। নিজেদের সার্বিক পরিস্থিতি জানিয়ে ভিডিও বার্তায় অপু বিশ্বাস জানিয়েছেন, তারা নিরাপদে আছেন এবং শিগগিরই দেশে ফিরবেন।
নেপাল ও চীনের স্বশাসিত অঞ্চল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও কাদা-ধসে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ২৯১ জন বিদেশি পর্যটকসহ প্রায় ৪০০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় সীমান্তবর্তী একাধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং সড়কসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রসুয়া জেলায় এ বিপর্যয় ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, পাহাড়ি এলাকায় তুষারধস ও গলিত বরফের পানির প্রবল স্রোত নদীতে মিশে আকস্মিক বন্যার সৃষ্টি করে।
সীমান্তের উভয় পাশে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় উদ্ধারকাজে নানা বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।
নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত ২৯১ জন বিদেশি পর্যটক ও ৯৩ জন নেপালি নাগরিকসহ মোট ৩৮৪ জনের সন্ধান চলছে। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের পর্যটকরাও রয়েছেন।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকার জরুরি বৈঠক করেছে। মেডিকেল টিম, রেড ক্রস ও স্কাউটদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে নদীর নিম্ন অববাহিকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ভয়াবহ এই দুর্যোগের মধ্যেও অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট নিরাপদে থাকার খবরে স্বস্তি ফিরেছে তাদের পরিবার ও ভক্তদের মধ্যে।