সত্যিই কি বিয়ে করেছেন পূজা চেরি? নায়িকার নীরবতায় জোরালো হচ্ছে গুঞ্জন
বিনোদন ডেস্ক, বিডি লাইভ ২৪ নিউজ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়েছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পূজা। আর তার এই নীরবতাই গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে।
বিয়ের খবরের সত্যতা জানতে পূজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীকে বিয়ে করার খবরটি আপাতত নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
এর আগে বেশ কয়েকবার পূজার প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে। প্রায় দুই বছর আগে গোপনে তার বাগদান সম্পন্ন হয়েছে—এমন খবরও ছড়িয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। তবে যার সঙ্গে তার বাগদান হয়েছে, তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।
এরপর পেরিয়ে গেছে বেশ কিছুটা সময়। কিন্তু পূজার বিয়ের বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যেই এবার পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। সত্যিই কি সেই সম্পর্ক বিয়েতে গড়িয়েছে, নাকি আগের গুঞ্জনেরই নতুন রূপ—এখন সেটিই প্রশ্ন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টার নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন পূজা। সেখানে অভিনয়জীবনের বিভিন্ন চরিত্র ও অভিজ্ঞতার কথা তুলে ধরে ভক্তদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন—কোন সিনেমাটি সেখানে নেই, তা অনুমান করতে পারেন কি না। পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে নতুন সিনেমা থেকে শুরু করে অভিনেত্রীর জীবনের নতুন কোনো অধ্যায় নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে। তবে বিয়ে বা সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত দেননি তিনি।
তাই পূজার নীরবতাকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনা। তবে তার নিজের বক্তব্য না আসা পর্যন্ত বিয়ের গুঞ্জনকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই।
‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের নজরে আসা পূজা চেরি পরবর্তী সময়ে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়। অভিনয়জীবনের পাশাপাশি এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। বিয়ের গুঞ্জনের সত্যতা কতটা, সেই উত্তর অবশ্য মিলবে পূজা নিজে মুখ খুললেই।