বিনোদন ডেস্ক, বিডি লাইভ ২৪ নিউজ
জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অতীতের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। পাশাপাশি ভবিষ্যৎ জীবন আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ হওয়ারও দোয়া করেন।
স্ট্যাটাসে লুবাবা জানান, জীবনের আরও একটি বছর পেরিয়ে যাওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি তার ভালোবাসা, নৈকট্য ও তাকওয়া আরও বৃদ্ধি পাক—এটাই তার অন্যতম প্রধান চাওয়া।
সবার কাছে দোয়া চেয়ে লুবাবা প্রার্থনা করেন, আল্লাহ যেন তার অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবন বরকতময় করেন এবং ঈমানের সঙ্গে জীবনযাপনের পাশাপাশি নেক আমল করার তাওফিক দান করেন।
জীবনের বাকি সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর তাওফিকও কামনা করেছেন এই শিশুশিল্পী। একই সঙ্গে নিজের পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করেন তিনি।
লুবাবা আরও বলেন, তার জন্য সবার দোয়া অত্যন্ত মূল্যবান। তাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের জন্য দোয়া করার অনুরোধ জানান।
স্ট্যাটাসের সঙ্গে ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন লুবাবা।
এর অর্থ—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’