সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন ইধিকা। এর মধ্যেই তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। এবার ছোটপর্দায় বিশেষ একটি আয়োজনে দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, আসন্ন মহালয়া উপলক্ষে কলকাতার একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যেতে পারে ইধিকাকে। তবে বিষয়টি নিয়ে এখনো অভিনেত্রী কিংবা সংশ্লিষ্ট চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ছোটপর্দা থেকে বড়পর্দায় উঠে আসা ইধিকা পালের জনপ্রিয়তা ইতোমধ্যে বেশ বেড়েছে। বড়পর্দায় ব্যস্ত থাকলেও ছোটপর্দার প্রতি তার আলাদা টান রয়েছে বলে জানা গেছে। তবে নিয়মিত কোনো ধারাবাহিকে নয়, বিশেষ আয়োজনের মাধ্যমেই তাকে আবার ছোটপর্দায় দেখা যেতে পারে।
এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার পাশাপাশি ‘দেশু ৭’ সিনেমার একটি গানেও ইধিকা পালকে দেখা যাবে বলে জানা গেছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।