অতিরিক্ত সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলাকে। দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে ফোন ব্যবহারের অভ্যাস থেকেই তার এই শারীরিক জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। অস্ত্রোপচারে খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে নিজের অসুস্থতা, হাসপাতালে চিকিৎসা ও অস্ত্রোপচারের অভিজ্ঞতা তুলে ধরেছেন শাকিলা। ভ্লগে দেখা যায়, চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার বিষয়টিও ভ্লগে দেখিয়েছেন অভিনেত্রী।
এনডিটিভির প্রতিবেদনে শাকিলা জানান, বিছানায় এক পাশে কাত হয়ে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে গেম খেলার অভ্যাস ছিল তার। কখনো কখনো একটানা চার ঘণ্টা একই অবস্থায় থাকতেন। শুধু চা বা কফি খাওয়ার জন্য বিছানা থেকে উঠতেন। এরপর আবার ফোন হাতে নিয়ে গেম খেলায় বসে যেতেন।
শাকিলা বলেন, তিনি একইভাবে দীর্ঘ সময় ভিডিও ও রিলসও দেখতেন। ভুল ভঙ্গিতে ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহারের ফলে ধীরে ধীরে ঘাড়ে গুরুতর সমস্যা তৈরি হয়। একপর্যায়ে ব্যথা এতটাই বেড়ে যায় যে অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় ছিল না।
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার পথও সহজ ছিল না। বিছানা থেকে ওঠা কিংবা খাবার খাওয়ার মতো সাধারণ কাজেও অন্যের সাহায্য নিতে হয়েছে তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার সময় ঘাড়ে কলারও পরতে হয়েছে।
অভিনেত্রী জানান, ঘাড়ের একটি অংশ থেকে তরল বেরিয়ে যাওয়ার কারণে তীব্র ব্যথা হচ্ছিল। অস্ত্রোপচারের সময় সেখানে টাইটানিয়ামের স্ক্রু ব্যবহার করতে হয়েছে বলেও জানান তিনি।
নিজের অভিজ্ঞতা থেকে ভক্তদের সতর্ক করে শাকিলা বলেন, মুঠোফোন প্রয়োজনীয় একটি যন্ত্র হলেও এর অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। অপ্রয়োজনীয় ভিডিও না দেখে প্রয়োজনীয় ও উপকারী কনটেন্ট দেখার পরামর্শ দেন তিনি।
রসিকতার সুরে শাকিলা বলেন, অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে একদিকে যেমন প্রায় ৩ লাখ রুপি খরচ হয়েছে, অন্যদিকে অসহনীয় ব্যথাও সহ্য করতে হয়েছে।
চেন্নাইয়ে জন্ম নেওয়া শাকিলা নব্বইয়ের দশকে বিনোদনজগতে পা রাখেন। ১৯৯৫ সালের তামিল সিনেমা ‘প্লে গার্লস’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ২০০০ সালের মালয়ালম সিনেমা ‘কিন্নারা থুম্বিকাল’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
একসময় শাকিলার সিনেমা দক্ষিণ ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তি পেত। পরবর্তী সময়ে তিনি মূলধারার সিনেমায় অভিনয় শুরু করেন। মোহনলাল, বিজয় ও মহেশ বাবুর মতো তারকাদের সঙ্গেও পর্দায় দেখা গেছে তাকে।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কাজেও যুক্ত রয়েছেন শাকিলা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘সেক্স এডুকেশন’ সিরিজের প্রচারণার অংশ হিসেবে তাকে নিয়ে ‘শাকিলাস ড্রাইভিং স্কুল’ নামে একটি প্রচারমূলক ভিডিও তৈরি করা হয়।