আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে পুরো বিশ্বজুড়ে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল সাড়া ফেলেছেন।
ছবিতে তাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি বিশেষ ফিউশন জার্সিতে দেখা গেছে, যার অর্ধেক অংশ আর্জেন্টিনার আকাশী-সাদা এবং বাকি অর্ধেক অংশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙের।
নিজের পেজে ছবিটি শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস। এবার এটি আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে।
ভক্তদের উদ্দেশ্যে ছবির মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘২০২৬ বিশ্বকাপ কে জিতবে?’ এছাড়া ছবির নিচের অংশে ‘কারা জয় করবে আপনার হৃদয়? এখনই ভোট দিন’- লিখে ভক্তদের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানান তিনি।