1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কে কোথায় পারফর্ম করছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন, কে কোথায় পারফর্ম করছেন

বিডি লাইভ ২৪ নিউজ ডেস্কঃ

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। আর সেই উপলক্ষে তিন দেশেই বসছে বর্ণাঢ্য উদ্বোধনী উৎসব।

মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সব সংগীত তারকা।

মেক্সিকোতে শাকিরার প্রত্যাবর্তন
বিশ্বকাপ আর শাকিরা—দুটো নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই কলম্বিয়ান তারকা এবারও থাকছেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন নতুন গান ‘দাই দাই’। তার সঙ্গে থাকবেন আফ্রোবিট তারকা বার্না বয়। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচের বিরতির অনুষ্ঠানেও পারফর্ম করার কথা রয়েছে শাকিরার।

মেক্সিকো সিটির আয়োজনে আরও থাকছেন জে বালভিন, বেলিন্দা, ড্যানি ওশান, আলেহান্দ্রো ফার্নান্দেস, লিলা ডাউনস, মানা, লস অ্যাঞ্জেলেস আসুলেস এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা।

টরন্টোতে নোরা ফাতেহির নাচ
কানাডার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের ভিড়। টরন্টো স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, উইলিয়াম প্রিন্সসহ আরও অনেকে।

আয়োজকেরা জানিয়েছেন, সংগীত ও নৃত্যের মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং বৈচিত্র্য তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।

লস অ্যাঞ্জেলসে কেটি পেরির ঝলক
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ মার্কিন পপ তারকা কেটি পেরি। লস অ্যাঞ্জেলসের মঞ্চে তার সঙ্গে পারফর্ম করবেন ব্রাজিলিয়ান গায়িকা অ্যানিত্তা, নাইজেরিয়ান তারকা রেমা, কোরিয়ান তারকা লিসা, র‌্যাপার ফিউচার এবং টাইলার।

বিশ্বকাপের আবহে এই তারকাদের পরিবেশনা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি বিনোদনের খোরাক জোগাবে বলেই মনে করছেন আয়োজকেরা।

ফুটবল আর বিনোদনের মিলনমেলা
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। আয়োজকদের প্রত্যাশা, ফুটবলের উত্তেজনার পাশাপাশি সংগীত ও সংস্কৃতির এই আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক উৎসব।

মাঠে বল গড়ানোর আগে তাই চোখ থাকবে মঞ্চেও। কারণ ফুটবল বিশ্বকাপের উৎসব শুরু হচ্ছে শাকিরা, কেটি পেরি, নোরা ফাতেহিদের তারকাখচিত আয়োজনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT