ইরানে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু, ঘোষণা আসতে পারে’ ৪৮ ‘ঘণ্টার মধ্যে: আরাগচি
Reporter Name
Update Time :
বুধবার, ৪ মার্চ, ২০২৬
কয়েক মাস ধরে পরিকল্পনা করার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও।
এক-দুই দিনের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী এক বা দুই দিনের মধ্যেই তার নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানে বর্তমানে কোনো প্রশাসনিক শূন্যতা নেই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।’
আরাগচি বলেন, ‘আমাদের দেশে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে এবং সেই অনুযায়ীই সবকিছু এগোচ্ছে। আপনারা সম্ভবত আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন দেখতে পাবেন।’
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের আইনি ব্যবস্থা এবং সংবিধান মেনেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই পরিবর্তনের কাজ সম্পন্ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইরানের এই দ্রুত রাজনৈতিক পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে।
ইরানের নতুন নেতাদের সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে কথা বলতে চায় এবং তিনি এতে সম্মত হয়েছেন।
দ্য আটলান্টিক ম্যাগাজিনের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ‘তারা কথা বলতে চান এবং আমি কথা বলতে সম্মত হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’
ট্রাম্প আরও বলেন, ‘তাদের আরও আগেই এটি করা উচিত ছিল। যা করা খুবই বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আগেই দেওয়া উচিত ছিল। তারা খুব দেরি করে ফেলেছে।’
তবে তিনি আলোচনাটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই ঘটনা মধ্যপ্রাচ্যকে গভীর ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।’
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘কোনো রাষ্ট্রপ্রধানকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা একটি বিপজ্জনক নজির স্থাপন করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিমূল নীতি ও আদর্শকে দুর্বল করে।’
তিনি তেহরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের এবং সব পক্ষকে “আরও উত্তেজনা থেকে সরে আসার” আহ্বান জানান।
তিনি আরও যোগ করেন, ‘এই সংকট শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কূটনীতি, সংযম এবং রাজনৈতিক সদিচ্ছা।’
মার্কিন হামলায় ৪৮ ইরানি ‘নেতা’ নিহতের দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৪৮ ইরানি নেতা নিহত হয়েছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারবে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ এবং এটি দ্রুত এগিয়ে যাচ্ছে।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে জেতা সম্ভব নয়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে কোনোভাবেই জয়লাভ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।
আরাগচি বলেন, ‘এই যুদ্ধ প্রতিপক্ষের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। এই যুদ্ধে তাদের কোনো বিজয় নেই। তারা এখন পর্যন্ত তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আগামী দিনগুলোতেও পারবে না। তারা এই লড়াই চালিয়ে গিয়ে কিছুই হাসিল করতে পারবে না।’
গত বছরের জুনের ‘১২ দিনের যুদ্ধের’ উদাহরণ টেনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে সময় তারা আশা করেছিল দুই-তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ১২ দিন পর তারা বুঝতে পেরেছিল যে ইরান নতি স্বীকার করবে না। শেষ পর্যন্ত তারা নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমি বর্তমান পরিস্থিতির সাথে আগের বারের কোনো পার্থক্য দেখছি না। যতদিন প্রয়োজন আমরা প্রতিরোধ চালিয়ে যাব এবং তারা এর ফলাফল দেখতে পাবে।’
আঞ্চলিক সংকট নিয়ে এরদোগান ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তুর্কি প্রেসিডেন্সির পোস্ট অনুযায়ী, এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘প্রয়োজনীয় হস্তক্ষেপ না করা হলে সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলবে।’
তিনি আরও বলেছেন, সংলাপের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তুরস্ক ও সৌদি আরব ‘গুরুত্বপূর্ণ প্রচেষ্টা” চালিয়ে যাচ্ছে এবং কূটনীতিকে সুযোগ দেওয়াই হলো ‘সবচেয়ে যৌক্তিক পথ’।
মধ্যপ্রাচ্যে হামলার প্রতিক্রিয়ায় ইউরোপীয় নেতারা যা বলছেন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন।
ইইউ প্রধান জানান, তিনি ‘উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার’ লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
ভন ডার লেন সোমবার একটি বিশেষ নিরাপত্তা বৈঠক আহ্বান করবেন।
অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, তিনি মঙ্গলবার ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
ফ্রিডরিখ মের্ৎস বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি “অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য হুমকি” এবং “তেহরানের বর্তমান শাসনব্যবস্থার ক্ষমতায় থাকার কোনো বৈধতা নেই।”
বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এগুলো রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের অবস্থানরত প্রিন্স সুলতান এয়ারবেসকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপিকে বলেছেন, ‘রোববার বিকেলে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান এয়ারবেসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি।’
বিমানবন্দরের কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখেছেন এবং শব্দ শুনেছেন।
মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ অক্ষত, হামলার দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র
পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
আল জাজিরাকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রণতরীটিতে কোনো আঘাত হানতে পারেনি এবং জাহাজটি বর্তমানে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ওই কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন যে, ক্ষেপণাস্ত্রগুলো জাহাজ পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ইরানের বিরুদ্ধে অভিযানে ৩ মার্কিন সেনা নিহত
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযানে আরও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাত এবং মস্তিস্কে আঘাতজনিত কারণে (কনকাশন) সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ অভিযান ও আমাদের পাল্টা ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ‘অস্থির’। নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত, দাবি ইসরায়েলি মিডিয়ার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। গতকাল শনিবার তাকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম মা’আরিবের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের প্রতি মুখোমুখি নীতি গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন।
নিরাপত্তা শঙ্কায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থগিত করল মায়েরস্ক
নিরাপত্তা জনিত কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিজেদের সব ধরনের কার্গো জাহাজ চলাচল স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়েরস্ক।
ডেনমার্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটি আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মায়েরস্ক জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত করছি। আমাদের ক্রু, জাহাজ এবং গ্রাহকদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।’
খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শেহবাজ শরিফ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি এই মন্তব্য করেন।
শেহবাজ শরিফ বলেন, ‘এই গভীর শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে রয়েছে। খামেনির ‘শাহাদাত’-এ আমরা আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’
তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে, কারণ এটি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি ও আদর্শের পরিপন্থী।’
মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে।’
ওই বিবৃতিতে আক্রমণকারীদের হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, ‘এই জলভাগ ও স্থলভাগ হবে সন্ত্রাসী আগ্রাসনকারীদের জন্য এক বিশাল কবরস্থান।’
আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ৩ জনের মধ্যে একজন বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই হামলার ঘটনা ঘটে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
হামলায় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯
ইসরায়েলের কেন্দ্রস্থল বেইত শেমেশ শহরে ইরানের এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৭ জন।
জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত এই শহরে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, এমডিএ-র মুখপাত্র জাকি হেলার এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘বেইত শেমেশ শহরে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয়জন নিহত হয়েছেন।’