ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনী প্রচারের সময় রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, “ঝালমুড়ি খেয়েছি আমি, আর ঝাল লেগেছে তৃণমূলের।”
এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর নেদারল্যান্ডস সফরে গিয়েও সেই ঝালমুড়ির কথা শোনালেন মোদী। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বললেন, “ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গেছে নাকি?”
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী মোদী পৌঁছেছেন নেদারল্যান্ডসে। শনিবার সেখানে দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের এক সংবর্ধনা সভায় তিনি বক্তব্য রাখেন।
তখন ভারতের পাঁচ রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের প্রসঙ্গ উঠতেই মোদী বলেন বাংলার সেই ঝালমুড়ির কথা।
নেদারল্যান্ডসের মাটিতে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের জয়গান গেয়ে মোদী তার ব্ক্তব্যে বলেছেন, “যখন সাধারণ মানুষের স্বপ্ন সত্য হয়, তখন গণতন্ত্রের উপর তাদের ভরসা বাড়ে।” আর এরই উদাহরণ দিয়ে তিনি টেনে আনেন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পালাবদলের প্রসঙ্গ উঠতেই চারদিক থেকে উল্লাসধ্বনি ভেসে আসে। আর তা শুনেই মোদী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গেল?”
এবছরের বিধানসভা নির্বাচনগুলোতে নজিরবিহীন ভোটদানের খতিয়ান তুলে ধরেন মোদী জানান, সব রাজ্যেই এবার ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে, যার মধ্যে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রধানমন্ত্রীর মুখে এই সাফল্যের কথা শুনে প্রবাসীদের করতালিতে মুখর হয় সভাকক্ষ। আর তখনই মোদী ফিরিয়ে আনেন ঝালমুড়ির স্মৃতি।
স্মৃতির পাতা উল্টালে দেখা যায়, গত এপ্রিল মাসে ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সভা শেষে চলে যাওয়ার সময় এক রাস্তার মোড়ে আচমকাই থামে তার কড়া নিরাপত্তাধীন গাড়ির বহর।
গাড়ি থেকে নেমে সোজা রাস্তার ধারের এক ঝালমুড়ি বিক্রেতার সামনে গিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রী। ১০ টাকা দিয়ে মুড়ি কিনে মুখে তোলার আগে বিক্রেতা যখন জিজ্ঞেস করেছিলেন ঝাল-পেঁয়াজ দেবেন কি না, মোদী কৌতুক করে বলেছিলেন, ‘‘ঝালও খাই, পেঁয়াজও খাই। শুধু মাথা খাই না।’’
প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়াকে সে সময় ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ করেছিলের মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রসের নেতারা। পাল্টা জবাব দিয়েছিলেন মোদীও।
এরপর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পরে মিষ্টির সঙ্গে ঝালমুড়ি বিতরণ হবে বলেও ঘোষণা করেছিলেন মোদী। ক্ষমতার পালাবদলের পর রাজ্যের বিভিন্ন স্থানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের ঝালমুড়ি বিলির দৃশ্যও ধরা পড়েছিল। এবার সেই কথা বিদেশের মাটিতেও পৌঁছে দিলেন মোদী।